অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আল আমিনের মেয়ের জন্মদিন ছিল। মেয়ের জন্য কেক কিনতে তিনি মোটরসাইকেলে করে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাই বাহার উদ্দিন জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) আল আমিনের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি থানায় হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




