অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। সরকারি অফিসে ঢোকার ক্ষেত্রে সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।
এই ব্যবস্থার কারণে অনুমতি ছাড়াই সেবাগ্রহীতারা ইউএনওর সঙ্গে দেখা করছেন। বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি সেবা পাওয়ার আশায় প্রতিদিনই মানুষ তাঁর কার্যালয়ে আসছেন। ইউএনও ধৈর্য ধরে তাঁদের কথা শুনে সাধ্যমতো সমাধান ও সেবা দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার সকালে কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিলাতী বেগম নামের সত্তরোর্ধ্ব এক নারী ইউএনওর সঙ্গে কথা বলছেন। ইউএনও মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছিলেন। ভূমি সংক্রান্ত বিরোধ, জন্ম নিবন্ধন ও ভাতা সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সেবাপ্রত্যাশীদের চাপ রয়েছে কার্যালয়ে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু করেন ইউএনও। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করায় জনবান্ধব প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, অন্যান্য সরকারি দপ্তরেও যেন সাধারণ মানুষ সংকোচ ছাড়াই সেবা নিতে পারে।
ইউএনও ইবনে আল জাহেদ হোসেনের ভাষ্য, প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নানা বিষয় নিয়ে তাঁর দপ্তরে আসেন। দাপ্তরিক কাজের ফাঁকে তাঁদের সেবা দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে কাজের কিছুটা বিড়ম্বনা হলেও দিন শেষে তিনি তৃপ্তি পান। তবে পরবর্তী ইউএনও তাঁর এই সেবাকে ভিন্নভাবে দেখবেন কি না, তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।




