অনলাইন ডেস্ক: চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, দুই দলের খেলোয়াড়েরা ভালো নৈপুণ্য প্রদর্শন করেছেন। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। চাঁদপুরের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, শিগগিরই চাঁদপুরে ফুটবল লীগ শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি ও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান এবং জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।




