অনলাইন ডেস্ক: ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে পুরো ইউনিয়নের মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আহাম্মেদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন খান এবং চাঁদপুর জেলা তাঁতী দলের সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য হাজী ইলিয়াস মিজি।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবাপ্রতিষ্ঠান। তাই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণ করা প্রয়োজন, যাতে সব এলাকার মানুষ সহজে নাগরিক সেবা নিতে পারেন।
হাজী ইলিয়াস মিজি বলেন, দক্ষিণ উপাদী ও উত্তর উপাদী পৃথক ইউনিয়ন হওয়ার পর বর্তমান পরিষদ ভবনটি ইউনিয়নের এক প্রান্তে পড়ে যায়। এতে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বর্তমান পরিষদ ভবনটি বেহাল অবস্থায় থাকায় সেবা প্রদানেও সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইউনিয়নবাসীর দুর্ভোগ কমাতে মধ্যবর্তী স্থানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর কাছে জমি চাওয়া হলে তিনি তাঁর সম্পত্তি দান করেন। ওই জমিতেই সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ইলিয়াস মিজি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, ইউপি সদস্যরা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ভূমিকা রেখেছেন। তিনি সংশ্লিষ্ট আরও কয়েকজন রাজনৈতিক নেতার সহযোগিতার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে এলাকাটি আধুনিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেন, ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন হলে যাতায়াত ও নাগরিক সেবা গ্রহণের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।




