অনলাইন ডেস্ক: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন পর্যায়ের খামারিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি, খামারিদের সমস্যা এবং নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব রয়েছে। দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়লে মানুষের আমিষের চাহিদা পূরণ সহজ হবে। খামারিদের উৎপাদন বাড়াতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভায় খামারি সোহরাব হোসেন হাইমচরের নদী ও চরাঞ্চলের প্রত্যন্ত এলাকার খামারিদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, এসব এলাকায় দুধ উৎপাদন হলেও বাজারজাত ও বিক্রির ক্ষেত্রে যোগাযোগ ও পরিবহনসংকট রয়েছে। এ কারণে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস বলেন, প্রান্তিক খামারিদের জন্য প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা অব্যাহত রয়েছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন খামার গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করতে আগ্রহীদের জন্যও প্রশিক্ষণ ও সহযোগিতা কার্যক্রম চলবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
বক্তারা বলেন, নদী ও চরাঞ্চলবেষ্টিত হাইমচরের প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্য সহজে বাজারজাতের সুযোগ তৈরি হলে এ খাতে সম্ভাবনা বাড়বে। প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত ভূমিকা রাখতে পারে।




