অনলাইন ডেস্ক: চাঁদপুরের ৮ উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
আটকদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




