অনলাইন ডেস্ক: চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। তবে ট্রেনে থাকা কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর বড় স্টেশনের উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান। এতে দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।
ট্রেনের কর্মচারীরা বগিটির কাছে একটি বোতল দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্মচারী ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি আসন পুড়েছে; বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। চট্টগ্রাম থেকে ট্রেনটি বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।




