অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনা আক্তার বলেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়ার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নবগঠিত ব্যবস্থাপনা কমিটি ও মা সমাবেশের মাধ্যমে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের মধ্যে যে সমন্বয় তৈরি হয়েছে, তা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। তাই শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা শিক্ষা অফিস সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ শাহ ইমরান খান এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী রাসেল খলিল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সমাজসেবক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক ও যুবদল নেতা ইউসুফ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিলন দেওয়ানসহ নবগঠিত কমিটির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।




