অনলাইন ডেস্ক: প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (NRCTA) পরিচালনার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়মে প্রবাসীরা বিদেশে বসেই অনলাইনে এ হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে হিসাবের জমা মূল টাকা এবং অর্জিত সুদ বা মুনাফা বিদেশে ফেরত নেওয়া, দেশে বিনিয়োগ ও জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ার সুবিধা পাবেন তারা।
শুক্রবার ১০ অক্টোবর রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে জমা রাখা, দেশে অর্থ ব্যবহারের সুযোগ বাড়ানো এবং বৈধ বিনিয়োগে উৎসাহ দেওয়া।
এনআরসিটিএ হিসাবে নতুন সুবিধা
নতুন নির্দেশনা অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (AD) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে। প্রবাসীরা সঞ্চয়ী, চলতি অথবা মেয়াদি আমানত—এই তিন ধরনের হিসাবের যেকোনোটি বেছে নিতে পারবেন।
বিদেশে বসেই অনলাইন ও ই-ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাব খোলা এবং পরিচালনা করা যাবে। ফলে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে দেশে আসার প্রয়োজন কমবে। বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর বা প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব (FC Account) থেকে সরাসরি এনআরসিটিএ হিসাবে জমা রাখা যাবে।
এই হিসাবের অর্থ দিয়ে দেশে ব্যক্তিগত খরচ মেটানো, অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর এবং সরকার অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি জমা অর্থ জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।
মূল টাকা ও মুনাফা বিদেশে নেওয়া যাবে
এনআরসিটিএ হিসাবের অন্যতম সুবিধা হলো, জমা রাখা মূল টাকা এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা প্রয়োজন অনুযায়ী বিদেশে ফেরত নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন নিয়মে প্রবাসীরা দেশে না এসেও হিসাব পরিচালনা, অর্থ স্থানান্তর ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।




