অনলাইন ডেস্ক: চাঁদপুরে প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কবি ও সাহিত্যিক শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাব কার্যালয়ে প্যাপিরাস পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিউলী মজুমদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। পেশায় শিক্ষক এই সাহিত্যিকের গল্প ও কবিতা দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘আড়ালে আবৃত’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
সাহিত্যচর্চার পাশাপাশি সম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং সাহিত্যপত্র ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া ‘দোনাগাজী পদক’ ২০২৫ ও ২০২৬-এর জুরি বোর্ডের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২৫ সালের ১০ অক্টোবর কবি রফিকুজ্জামান রণির হাত ধরে প্যাপিরাস পাঠাগারের যাত্রা শুরু হয়। যুবসমাজকে বইমুখী করতে প্রতিষ্ঠানটি শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি পাঠাগারটি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজ নিয়মিত প্রকাশ করছে।




