অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীণ এই রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুরবাসী, বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুর সদর ও হাইমচরের দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের আশু রোগমুক্তি কামনা করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
চাঁদপুরবাসী ও তাঁর রাজনৈতিক সহকর্মীরা শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন।




