অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চান যুবদল নেতা ইমরান খান ইমু।
শুক্রবার (২ অক্টোবর) তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে একই দিন ফরম পূরণ করে জমা দেন।
ইমরান খান ইমু বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইমরান খান ইমু বলেন, দলের দুঃসময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা হয়। এসব মামলায় তিনি মোট ৬৫ দিন কারাভোগ করেন। মামলাগুলোর কয়েকটি এখনো চলমান রয়েছে বলেও জানান তিনি।
ইমরান খান ইমু বলেন, মামলা, হামলা ও কারাবরণ করেও তিনি দল থেকে দূরে যাননি এবং সবসময় দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। দল মনোনয়ন দিলে মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান বলেও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মৈশাদী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাকে নিজের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন ইমরান খান ইমু।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মৈশাদী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ের সম্পৃক্ততা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।




