অনলাইন ডেস্ক: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সাধারণ মানুষের চোখের স্বাস্থ্য সুরক্ষা, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, চক্ষুরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
দিবসের শুরুতে চাঁদপুর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। নিয়মিত চোখ পরীক্ষা, চক্ষুরোগ ও অন্ধত্ব প্রতিরোধের বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।
র্যালি শেষে সদর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।
তিনি বলেন, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনের জন্য সুস্থ দৃষ্টিশক্তি গুরুত্বপূর্ণ। শিশুদের জন্মগত ও বয়সজনিত সমস্যা, চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং বিভিন্ন সংক্রমণে দৃষ্টি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে নিয়মিত সঠিক চিকিৎসা নিলে এসব কারণে সৃষ্ট অন্ধত্বের সিংহভাগ প্রতিরোধ করা সম্ভব বলে তিনি জানান।
চোখে অস্বস্তি বা সমস্যা দেখা দিলে ফার্মেসি থেকে নিজের ইচ্ছেমতো ড্রপ বা ওষুধ ব্যবহার বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান ইউএনও।
তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা প্রয়োজন। বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতাও নিয়মিত পর্যবেক্ষণে রাখা দরকার। সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে দৃষ্টিজনিত অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) লিটন কুমার মল্লিক এবং ব্র্যাক চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দিন পাটোয়ারী।




