অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নকে দুটি পৃথক ইউনিয়নে বিভক্ত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রস্তাবিত ইউনিয়ন বিভক্তকরণ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
শুনানি শেষে ৩নং বিতারা ইউনিয়নকে দুটি পৃথক ইউনিয়নে বিভক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, চাংপুর, বাতাপুকুরিয়া ও সাজিরপাড়সহ ১৯টি গ্রাম নিয়ে ৩নং পশ্চিম বিতারা ইউনিয়ন এবং ১০টি গ্রাম নিয়ে ১৩নং পূর্ব বিতারা ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।
গণশুনানিতে উপস্থিতি
গণশুনানিতে প্রস্তাবিত ইউনিয়ন ভাগকরণের সদস্য সচিব ও কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সোহরাব হোসেন, বিতারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো. কামরুজ্জামান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেন, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মামুনু রশিদ এবং সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিতারা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান টিটু, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিসুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ খানসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে প্রস্তাবিত দুই ইউনিয়নের সীমানা, গ্রামগুলোর অন্তর্ভুক্তি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের মতামত ও প্রস্তাব বিবেচনায় নিয়ে বিভক্তকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দুটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের কাছাকাছি পৌঁছাবে এবং ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণে ভোগান্তি কমবে।




