অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রচার-প্রচারণা ও নির্বাচনী ব্যস্ততার পর ব্যাপক আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কামতা ডি.এস. ফাযিল মাদ্রাসায় ভোটগ্রহণ চলে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই কামতা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
নির্বাচিতরা
সভাপতি পদে ফুটবল প্রতীকে মো. জামাল আহমেদ মুন্সী ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে কলস প্রতীকে মো. সামাদ মজুমদার ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে সাইকেল প্রতীকে মো. শরিফুল ইসলাম ১৪২ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
সহ-সেক্রেটারি পদে চেয়ার প্রতীকে মো. মেহেদী হাসান ১০৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে মো. নজরুল ইসলাম ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে মো. মারুফ, মো. আব্দুল্লাহ, মাহবুব, লিটন ও রনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কামতা বাজারে উৎসবমুখর পরিবেশ ছিল। প্রার্থীদের সমর্থক ও ব্যবসায়ীরা কেন্দ্রে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। ব্যবসায়ীরাও বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে কামতা বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ভোটারদের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়।




