অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে প্রায় এক থেকে দেড় শ লোক স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে স্টুডিওর এক কর্মকর্তা জানিয়েছেন। এ সময় সালমান মুক্তাদির রাজধানীতে ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি দেখেন তিনি।
ঘটনার পর ফেসবুক লাইভে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান মুক্তাদির। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চাঁদা না দেওয়াকে হামলার কারণ হিসেবে তাকে জানানো হয়েছে। তবে তার দাবি, তার কাছে চাঁদা চাওয়া হয়নি।
সালমান জানান, ভবনের মালিকের কাছে চাঁদা চাওয়া হয়েছিল এবং হামলাকারীদের লক্ষ্য ছিল মালিক। তিনি বলেন, মাঝখানে পড়ে তার স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, রিয়েল এস্টেট প্রকল্পটির জমির মালিক চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড় শ লোক সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে কর্মকর্তারা টয়লেটে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। স্টুডিওর বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়ার দাবি করেন ওই কর্মকর্তা।
হামলায় স্টুডিওর কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সালমান। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।




