অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। পরে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।




