অনলাইন ডেস্ক: বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নাছির উদ্দীন আহমেদ (অব.)। গত ১৪ সেপ্টেম্বর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত দাপ্তরিক পত্রে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. নাছির উদ্দীন আহমেদ এর আগে বারডেম হাসপাতালে অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা বারডেমের কার্যক্রমে ভূমিকা রেখেছে।
বারডেমে যোগ দেওয়ার আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা কোরেও দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সংশ্লিষ্টদের আশা, তাঁর প্রশাসনিক দক্ষতা ও চিকিৎসা ব্যবস্থাপনার অভিজ্ঞতা বারডেমের আধুনিকায়ন এবং রোগীসেবার মানোন্নয়নে সহায়ক হবে।
হাজীগঞ্জের সন্তান
ডা. নাছির উদ্দীন আহমেদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। তাঁর এই অর্জনে চাঁদপুরবাসী গর্বিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বারডেম জেনারেল হাসপাতালে তাঁর নতুন দায়িত্ব ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসা এবং চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী তাঁর সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।




