অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য, ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাছির খান দোয়া ও সমর্থন চেয়ে সমাবেশ করেছেন।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে ৮৫ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাছির খান বলেন, তিনি দোয়া ও সমর্থনের জন্য উপস্থিত সবার কাছে এসেছেন। ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।
নাছির খান আরও বলেন, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিগত সময়ের মতো ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ করেন।
সমাজসেবক ওয়ালীউল্লাহ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামিম খান, জাকির হোসেন, সাধারণ সম্পাদক তানভীর রাসেল, সহ-সভাপতি ফয়সাল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম খান, সহ-সভাপতি মোক্তার হোসেন ও হাফিজুল্লাহ খান।
এ ছাড়া লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন ও সহ-সভাপতি ফয়সাল হাজরা বক্তব্য দেন।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোহেল পাটোয়ারী। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।




