অনলাইন ডেস্ক: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকারের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার জামাল হোসেন এবং হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক উদ্ভাবন, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং শ্রমিক ও কৃষকদের দক্ষতা বাড়ানো জরুরি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদার, হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাসান আল মামুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




