স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান ইউপি সদস্য মুক্তা বেগম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী। তাঁর উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন।
মুক্তা বেগম বর্তমানে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে একই পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট পদে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।




