অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে সাংবাদিক মোহাম্মদ উল্যাহ্ বুলবুলের বড় ভাই মো. শাহেদ উল্যাহ্ বাদল (৫৫) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।
শাহেদ উল্যাহ্ বাদল এন্নাতলী গ্রামের সাহেব বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম হাসমত উল্যাহ হাসুর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পুকুর ঘাটলায় ওজু করে মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ অচেতন হয়ে পড়েন। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক বুলবুলের বড় ভাইয়ের মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।
শনিবার সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ঈদগাঁও মাঠে জানাজা শেষে শাহেদ উল্যাহ্ বাদলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ভাইয়ের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক বুলবুল।




