অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত ও মাদকের সঙ্গে আপস করলে মতলব উত্তর থানার ওসি এক ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।
মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মতলব উত্তর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মানস বড়ুয়াকে উদ্দেশ করে বক্তব্য দেন।
জালাল উদ্দীন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মতলব থেকে মাদক নির্মূল করা তাঁর নির্বাচনী অঙ্গীকার। মাদক নির্মূলে ওসির ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নতুন ওসি ‘ডেবিলদের’ সঙ্গে চা খেলে এবং আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আতাত করলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে চারটি প্রকল্পের মাধ্যমে ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান ও জাহাঙ্গীর হোসেন এবং যুবদল নেতা বশির মোল্লা।




