অনলাইন ডেস্ক: কচুয়ায় ধার-দেনার চাপে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার ভোররাতে উপজেলার আটমোর গ্রামের মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মিয়াজী (৫০) ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয়ভাবে আটমোর এলাকায় ব্যবসা পরিচালনা করতেন জাকিরের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ধারদেনায় জর্জরিত ছিলেন জাকির। দেনার বোঝা ও দুশ্চিন্তায় সাম্প্রতিক সময়ে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। কয়েক দিন আগে এক পাওনাদারের মামলায় জেল খেটে তিনি বের হন বলেও জানা গেছে।
মঙ্গলবার ভোররাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোল্লা মার্কেট এলাকায় স্থানীয়রা জড়ো হন। স্বজনদের আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
খবর পেয়ে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী শুক্রবার ছাড়া প্রতিদিন কিস্তি দিতেন এবং মাসে দুই লাখ টাকার বেশি কিস্তি পরিশোধ করতেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




