অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা পশ্চিমপাড়া পাটওয়ারী বাড়িতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রবাসীর বাড়ির সীমানার টিনের বেড়া ও ভবনের জানালা কুপিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রকাশ্য দিবালোকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বাড়ির মালিক শামসুল হক পাটোয়ারী ও তাঁর প্রবাসী ছেলেরা অভিযোগ করেছেন, হামলায় বাড়ির ভবনের বিভিন্ন অংশ এবং ঘরের সামনের উত্তর পাশের টিনের সীমানা বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
শামসুল হক পাটোয়ারীর অভিযোগ, জমিসংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে হুমায়ুন কবির পাটোয়ারীর নেতৃত্বে মনজুর পাটোয়ারী, সামিয়া আক্তারসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির সামনের সীমানার টিনের বেড়া ও ভবনের পেছনের জানালা কুপিয়ে ভাঙচুর করেন। তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়িঘরের ব্যাপক ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শামসুল হক পাটোয়ারী জানান, রাস্তা-সংলগ্ন ওই বাড়িতে প্রায় ৩০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন তিনি। তাঁর অভিযোগ, পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন প্রভাব খাটিয়ে বাড়িতে হামলা চালিয়েছে। আকস্মিক ঘটনায় বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
অভিযুক্ত হুমায়ুন কবির পাটোয়ারী ও তাঁর পক্ষের লোকজনের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশ্য দিবালোকে হামলা ও ভাঙচুরের অভিযোগে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারটির সদস্য ও এলাকাবাসী।




