অনলাইন ডেস্ক: আসন্ন দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটিসহ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক।
১০ অক্টোবর শুক্রবার সকালে তিনি তাঁর কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপ এবং বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি ২৯টি মণ্ডপে আর্থিক অনুদান দেন।
মতবিনিময়ে মমিনুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান। সরকারদলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
মতবিনিময়ে উপস্থিতি
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহা। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহসভাপতি বিশ্বজিৎ সাহা বিশু ও অর্পণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যসচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু এবং দপ্তর সম্পাদক সুজন দাস বক্তব্য দেন।
বক্তারা ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলু মুন্সীসহ পূজা উদযাপন পরিষদ, ২৯টি পূজামণ্ডপ ও বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




