অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী ও ভাটেরগাঁও গ্রামের বাসিন্দারা। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় গড়ে তোলা হচ্ছে সামাজিক প্রতিরোধ। এ লক্ষ্যে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়া হয়। হাফেজ তানভীর হোসাইনের পরিচালনায় সভায় দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি গোটা সমাজের জন্য বিপর্যয় ডেকে আনে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন বক্তারা। তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানানোর কথাও বলা হয়।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে ১৫ জনকে উপদেষ্টা মনোনীত করা হয়। তাঁদের উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
মনোনীত উপদেষ্টারা হলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সোহাগ মেম্বার, সালমান, আলাউদ্দিন, অলক পাটোয়ারী, হেলাল খান, মাওলানা বিলাল হোসাইন, রহিম ভূঁইয়া, মানিক স্যার, সুমন খান, সুমন গাজী, আলী বেপারী, শরিফ পাটোয়ারী ও মহসিন খান।
সভা শেষে এলাকাবাসী মাদকবিরোধী মিছিল নিয়ে মোল্লা বাজার পর্যন্ত যান। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। শনিবার (১০ অক্টোবর) মাদকবিরোধী র্যালি আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় পাইকদী-ভাটেরগাঁও এলাকায় মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার হবে।




