নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বাবুরহাট, চাঁদপুরের ব্যবস্থাপনায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো: নাজমুল হক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো: মোশাররফ হোসেন লিটন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাটের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার বিএন (অব:)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল্লাহ।
সেমিনারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি শিক্ষা প্রশাসনের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। এধরনের সেমিনার শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে সহায়ক হতে পারে।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে চাঁদপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও সচেতনতা আরও জোরদার হবে।




