অনলাইন ডেস্ক: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে চোখের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’.
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের সৃজনশীলতা প্রকাশ করে। প্রতিযোগিতা শেষে দৃষ্টিশক্তির সুরক্ষা, চোখের যত্ন এবং অন্ধত্ব প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চোখের যত্নে সচেতনতার আহ্বান
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল কবির, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ আলম পলাশ এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল আমিন খান আকাশ। সংগঠনটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা দৃষ্টিশক্তিকে মানুষের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে নিয়মিত চোখ পরীক্ষা এবং আগাম সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরসহ সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




