অনলাইন ডেস্ক: চেয়ারম্যান আঃ রহমান মিয়াজী ১৯৫৪ সালের ২ মার্চ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আঃ আউয়াল মিয়াজী এবং মাতার নাম মোসাম্মৎ মরিয়ম বেগম।
দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার সরকারি মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। চাকরিজীবনের পর তিনি ব্যবসায় যুক্ত হন এবং ঢাকার গুলশান শাহজাদপুরে ‘এ আর এন্ড সন্স’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
জনপ্রতিনিধি ও সমাজসেবক
তিনি ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান ছিলেন। ১৯৯২ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ২০০১ সালের নির্বাচনেও তিনি বিপুল ভোটে বিজয়ী হন। আমৃত্যু তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তাঁর দায়িত্বকালে ইউনিয়ন পরিষদের দোতলা ভবন, সড়ক, ইউনিয়ন ভূমি অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা-এতিমখানা, মসজিদ, খাল খনন, বনায়ন ও স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালের বন্যার সময় ত্রাণ ও বিশেষ বরাদ্দের পাশাপাশি নয়ানী লামচরীতে কাটাখালী সড়কে তাৎক্ষণিক বাঁধ দিয়ে মানুষকে পানি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করেন। অসচ্ছল শিশুদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচিও তিনি ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নে চালু করেন।
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক কর্মকাণ্ড
আঃ রহমান মিয়াজী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হাইমচর উপজেলা ইউনিটে সক্রিয়ভাবে অংশ নেন এবং খাদ্য, গোলাবারুদ ও রসদ টিমের অধিনায়ক হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সরকারি বাংলা কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী মো. মিজানুর রহমান চৌধুরীর রাজনৈতিক কর্মী ও ঘনিষ্ঠ সহচর ছিলেন।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৭-২০০৮ সালে হাইমচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
মৃত্যু ও স্মৃতি
২০০৮ সালের ৪ জুন অসুস্থ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মোসাম্মৎ সেতারা বেগম, বড় ছেলে মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম ও একমাত্র মেয়ে শিরিনা আক্তার মুন্নিকে রেখে যান।
তাঁর জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক চিন্তা ও কাজকে চলমান রাখার লক্ষ্যে ২০২৪ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান আঃ রহমান মিয়াজী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।




