অনলাইন ডেস্ক: মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। একই সঙ্গে তিনি দুর্গাপূজা উদযাপনে আর্থিক সহায়তা প্রদান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিক। দেশের উন্নয়নে তাঁদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন। এ সময় তিনি পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, মতলব উত্তর উপজেলার ৩৬টি এবং মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি পূজামণ্ডপসহ দুই উপজেলায় মোট ৭৫টি দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের এই পরিবেশ আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারীসহ অন্যরা।




