অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভূঁইয়ার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ১৭ নভেম্বর ওই শিক্ষকের অপকর্মের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাচার এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সাচার বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাৎক্ষণিক তদন্ত প্রতিবেদন দেন।
এরপর বিকেল চারটার দিকে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে সাফিক ভূঁইয়াকে আটক করেন।
রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলাটিতে শিক্ষক সাফিক ভূঁইয়াকে আসামি করা হয়েছে; মামলা নম্বর ২৯। এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিদ্যালয়ের পাশের ছাত্রাবাসে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে তিনি যৌন নিপীড়ন করেন। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে সাফিক ভূঁইয়া গত পাঁচ বছর ধরে সাচার উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক ইংরেজি শিক্ষক হিসেবে পাঠদান করে আসছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন এবং সেখানেই ছাত্রীদের যৌন হয়রানি করতেন।
প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন, ঘটনাটি আগে তাঁর জানা ছিল না। তিনি জানান, যৌন হয়রানির ঘটনায় শিক্ষকটির বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা হয়েছে। বিক্ষুব্ধ অভিভাবকেরা তাঁর কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম আকাশ বলেন, সাফিক ভূঁইয়াকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।




