অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বলেছেন, আগামী দিনে তারেক রহমান ও বিএনপির বাহুবল হিসেবে দেশকে নৈরাজ্যমুক্ত করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদ ও একটি বিশেষ দল নানা ধরনের অপচেষ্টা করছে বলে তিনি মনে করেন। এসব অপশক্তিকে প্রতিহত করতে যুবদলকে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাতটায় মতলব বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগরসহ যুবদলের নেতারা দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান জিয়া। এ সময় যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল চারটায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় ফিতা নিয়ে র্যালি বের হয়। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। পরিচালনা করেন মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার। এতে যুবদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা ছাড়াও মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।




