অনলাইন ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে ২১টি প্রকল্প। এর মধ্যে নতুন ১৬টি এবং সংশোধিত পাঁচটি প্রকল্প রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সোমবার (১৬ নভেম্বর) পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আলোচ্যসূচির শুরুতে স্থানীয় সরকার বিভাগের ছয়টি প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প রয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-তৃতীয় পর্যায়’ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরের বিভিন্ন এলাকা নদীভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের ক্ষুদ্রসেচ উন্নয়ন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্প আলোচ্যসূচিতে রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন—এই দুটি সংশোধিত প্রকল্পও অনুমোদনের জন্য উঠবে। স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্পও তালিকায় রয়েছে।
এদিকে পরিকল্পনামন্ত্রী অনুমোদিত ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে। এসব প্রকল্পের মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কয়েকটি প্রকল্প, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধির প্রকল্প রয়েছে।
এ ছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের মহাসড়কে পুরোনো সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হবে।




