অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব ড. জালাল উদ্দিন এমপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সাফল্যের স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় দেখা যায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. জালাল উদ্দিন এমপির সহধর্মিণী ও উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে এখন থেকেই নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।




