অনলাইন ডেস্ক: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছেংগারচর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এটি ছেংগারচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার খান, পৌর যুবদলের সদস্যসচিব আরশাফুল আলম সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খান ও সদস্যসচিব ফরহাদ হোসেনসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য বা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলেও তারা জানান।
তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।




