অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর একাধিক পরকীয়ার অভিযোগ নিয়ে শ্বশুরবাড়িতে বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানি, বসতঘরে লুটপাট এবং মিথ্যে যৌতুক মামলার শিকার হয়ে হয়রানিতে ভুগছেন গোলাম কিবরিয়া নামের এক কুয়েত প্রবাসী। এ ঘটনায় তিনি নিজের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, স্ত্রীর একাধিক অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণসহ পরিবারের সদস্যদের জানিয়ে সমাধান চাওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তাঁর বৃদ্ধ বাবা-মাকেও যৌতুক মামলায় আসামি করা হয়েছে।
গোলাম কিবরিয়া শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম হুমায়ন কবির। তাঁর স্ত্রী আরিয়ান আক্তার জেরিন একই উপজেলার সুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
গোলাম কিবরিয়ার বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় জেরিনের পরিবার তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানায়। কিবরিয়া এতে সম্মতি দেন এবং বিয়ের পর স্ত্রী হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যান। তাঁর দাবি, হোস্টেল ফি, শিক্ষাসামগ্রী, পড়াশোনার ব্যয় ও ব্যক্তিগত খরচসহ স্ত্রীর বিভিন্ন ব্যয় তিনি বহন করতেন। গত দুই বছরে পড়াশোনার জন্য প্রায় ৫ লাখ টাকা এবং হাতখরচ হিসেবে আরও ৩ লাখ টাকা পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি।
কিবরিয়ার অভিযোগ, সম্প্রতি তিনি স্ত্রীর একাধিক পরকীয়ার বিষয়টি প্রমাণসহ জানতে পারেন। পরে স্ত্রীর পরিবারের সদস্যদের জানিয়ে পারিবারিকভাবে সমাধান চান। তাঁর দাবি, সমঝোতার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাঁদের বাড়িতে এসে লুটপাট চালান। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্ত্রী তাঁকে তালাক দিতে রাজি হচ্ছেন না এবং তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর ও তাঁর বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুকের মামলা করা হয়েছে বলে দাবি করেন কিবরিয়া। তাঁর অভিযোগ, মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কুয়েতে থেকেও আদালতকেন্দ্রিক জটিলতা, মামলার ব্যয় এবং পরিবারের সদস্যদের হয়রানি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান।
কিবরিয়া আদালতের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
অন্যদিকে আরিয়ান আক্তার জেরিনের বাবা মিজানুর রহমান মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। তাঁর দাবি, মেয়ের অনিচ্ছায় অনিক তালাক দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেরিন ও তাঁর বিভিন্ন ছবি ব্যবহার করে অপপ্রচার চালান।
জেরিন পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতে মামলা হওয়ার পর বিষয়টি সেখানে পরিষ্কার হয়েছে। তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।




