অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মজিবুর রহমান ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকও।
স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গোপনে চলে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।




