অনলাইন ডেস্ক: দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালন করেছে।
তিনি জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি দায়িত্ব পালন করতে হবে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের কাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা।
আধুনিকায়নে সরকারের পরিকল্পনা
সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিন বাহিনীর সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ করতে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।
সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনও সরকারের পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন তিনি। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা, সততা, দক্ষতা, চেইন অব কমান্ড ও জনগণের আস্থার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সদস্যদের কল্যাণে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠনের কথা জানান তিনি। ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
বন্যা, ঘূর্ণিঝড়সহ দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের অবদানের প্রশংসা করেন তারেক রহমান। দায়িত্ব পালনকালে নিহত ও আহত সদস্যদের স্মরণ করে তিনি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি তাঁর মায়ের জীবনের শেষ অংশগ্রহণ ছিল উল্লেখ করে সবার কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া চান তারেক রহমান।




