অনলাইন ডেস্ক: দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পতিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও তিনি জানান।
অন্যান্য বক্তারা বলেন, স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধৈর্য ধরার সুযোগকে দুর্বলতা হিসেবে নিয়ে সাধারণ মানুষের ওপর আক্রমণ ও নৈরাজ্য চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে জবাব দেওয়ার কথাও বলেন তারা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, জেলা যুবদলের সদস্য আবদুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




