অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাইমচর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। পরে অভিভাবকদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পর মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের ও তাদের অভিভাবকদের সতর্ক করে বক্তব্য দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তারা সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
ওসি মো. শাহ আলম অভিভাবকদের সন্তানদের সন্ধ্যার পর ঘরের বাইরে না রাখার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, সন্তানদের চলাফেরা, কার সঙ্গে মেলামেশা করছে এবং কোথায় যাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি করা প্রয়োজন।
পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।




