অনলাইন ডেস্ক: কিশোর অপরাধ, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জে টানা তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির অভিযোগে আরও ১৬ কিশোরকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর বাইরে অবস্থান ও আড্ডা দেওয়ার সময় ১৬ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রাতে আড্ডা দেওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারেনি তারা।
আটক কিশোরদের বিরুদ্ধে আগের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আছে কি না, তা যাচাইয়ে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (CDMS) পর্যালোচনা করা হয়। এতে পূর্বের অপরাধের তথ্য না পাওয়ায় এবং প্রথমবার সংশোধনের সুযোগ দিতে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।
পরে অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে সন্তানরা ভবিষ্যতে সন্ধ্যার পর পড়ালেখা বাদ দিয়ে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না মর্মে অঙ্গীকার করেন। লিখিত মুচলেকা নেওয়ার পর পুলিশের পরামর্শে ১৬ কিশোরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চলছে। সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




