স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবদল নেতা শাহ আলম সরদার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ফরম সংগ্রহ করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় আয়োজিত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় শাহ আলম সরদার দীর্ঘদিন ধরে দলীয় ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তাঁকে অংশ নিতে দেখা গেছে। সম্প্রতি শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদীতে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পেও তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এবার তিনি ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার প্রত্যাশায় বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হলেন।
শাহ আলম সরদার বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে কাজ করে আসছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ওয়ার্ডবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি বলেন, “২নং ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, নাগরিক সেবা এবং অসহায় ও দরিদ্র মানুষের সুযোগ-সুবিধাসহ স্থানীয় সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। আমি এমন একজন জনপ্রতিনিধি হতে চাই, যার কাছে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে সহজেই যেতে পারবেন।”
দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, “আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দল যাকে যোগ্য মনে করবে, তার সিদ্ধান্তই মেনে নেব। তবে আমি আশাবাদী, আমার রাজনৈতিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে।”
এদিকে শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে। ২নং ওয়ার্ডে শাহ আলম সরদারসহ একাধিক মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন। যাচাই-বাছাই শেষে দল কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সেদিকেই এখন নজর স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের।




