অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে পৌর শহরের থানার মোড় এলাকায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতাদের বক্তব্য
সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা ও শাওন পাঠান।
এ ছাড়া উপজেলা ছাত্রদল নেতা মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং সদস্য আল আমিনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ ধানের শীষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তাদের দাবি, ছাত্রদলের অভ্যন্তরীণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আশিক পাটওয়ারীসহ নির্দোষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তারা বলেন, আশিক পাটওয়ারীসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে ভবিষ্যতে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মামলা নিয়ে পাল্টা অভিযোগ
সম্প্রতি ফরিদগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে কয়েকজন আহত হন। এ ঘটনায় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীকে প্রধান আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়। তবে ভুক্তভোগী অন্য পক্ষের পাল্টা লিখিত অভিযোগ পুলিশ আমলে নেয়নি বলে প্রতিবাদী নেতাকর্মীরা অভিযোগ করেছেন।




