অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন।
শনিবার (১০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হুতিদের তৃতীয় হামলা।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাবে আহতের সংখ্যা ৩০৯।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ব্যাপক চাপ তৈরি হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত এক দশকের বেশি সময়ের মধ্যে এ হামলাকে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং দেশটির সতর্কীকরণ ব্যবস্থাও কোনো সংকেত দেয়নি।
চলতি সপ্তাহে বিমানবন্দরে আগের দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া রানওয়েতে দাঁড়িয়ে থাকা সৌদি একটি বাণিজ্যিক উড়োজাহাজের ব্যাপক ক্ষতি হয়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে। স্থলযুদ্ধে ইয়েমেন সরকারের বাহিনীকে সহায়তা করতেই এ অভিযান চালানো হচ্ছে। তবে হুতিদের প্রাণঘাতী হামলাগুলো সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।




