অনলাইন ডেস্ক: ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট আর ফুলে সাজানো গাড়িতে রাজকীয় বিদায়। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রিয় শিক্ষক মো. শাহনেওয়াজ খানকে এমনই বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩১নং মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায়কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মাঠে মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থা এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষানুরাগী, সুধীজন, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ছায়েদ চৌধুরী এবং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি খান। বক্তব্য দেন মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ, মো. আওলাদ হোসেন মোল্লা, সিদ্দিকী মহসীন পাটওয়ারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহবুব মোল্লা ও রাবেয়া মুন্নি।
বক্তারা বলেন, আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ভূমিকা রাখেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, শাহনেওয়াজ খান দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন এবং তাঁর অনেক শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. সোহেল। পরে প্রাক্তন শিক্ষার্থী ইসরাত জাহান মুন্নি বিদায়ী শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করেন। এরপর শাহনেওয়াজ খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বিদায়পর্বে ফুল দিয়ে সাজানো গাড়িতে শিক্ষক শাহনেওয়াজ খানকে বিদায় জানানো হয়। এতে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।




