অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে গ্যাং কালচার ও অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে অভিযানটি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মোবাইল ফোনে সরাসরি অনলাইন জুয়া খেলার সময় আরও ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। অপরাধে সরাসরি জড়িত না থাকা কিশোরদের অভিভাবকদের ডেকে কাউন্সেলিং ও মুচলেকা নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
অভিযানের সময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব (পিপিএম), মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্জন স্থানে আড্ডা, ইভটিজিং, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ শিক্ষার্থী বা তরুণদের অযথা হয়রানি করা অভিযানের উদ্দেশ্য নয়। মতলব এলাকায় সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ তৈরি করাই এ ধরনের অভিযানের লক্ষ্য।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




