অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় রাতের বেলা অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৯ জন কিশোরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ২৮ জন এবং শাহরাস্তি থানায় ২১ জন কিশোরকে আটক করা হয়। পরে অভিভাবকদের মুচলেকা ও সংশোধনের সুযোগ দিয়ে বেশিরভাগ কিশোরকে ছেড়ে দেওয়া হলেও চাঁদপুর সদরে আটক কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ জানান, পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ২৮ কিশোরকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
পুলিশ জানায়, চাঁদপুর সদরে আটক ১৯ জনের বিরুদ্ধে সিডিএমএস (CDMS) যাচাই করে বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে তিনজনের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া একজন ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি এবং আরও তিনজনের বিরুদ্ধে রিপোর্ট সাপেক্ষে মাদক সেবন মামলা রুজুর অপেক্ষা রয়েছে। পুলিশ আইনের ৩৪ ধারায় দুজনকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
অন্যদিকে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়। পরে রেকর্ডপত্র যাচাই করে পূর্বের অপরাধের কোনো তথ্য না থাকায় এবং ভবিষ্যতে রাতে অযথা ঘোরাফেরা না করার অঙ্গীকারের পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই অভিযানটি চালানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।




