অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া (৮৪)-এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় খাগুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল মামুন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনারে অংশ নেয়। বিজিবির পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, বিজিবি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে খাগুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ইউপি সচিব উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মরহুমের বড় ছেলে রুবেল মিয়া বাবু ও ভাগিনা আবু ইউসুফ মিয়াও অংশ নেন।
জানাজায় অংশ নিতে নান্নু মিয়ার ছোট ভাই, বেলজিয়ামপ্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া এবং ছোট ছেলে পাভেল বেলজিয়াম থেকে আসেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নান্নু মিয়া ১৯৭১ সালের রণাঙ্গনের একজন যোদ্ধা ছিলেন। তিনি উপজেলার ৩ নম্বর বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।




