অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ ফকির বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের জটিলতায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই শতাধিক পরিবারের সদস্যরা। বাড়িতে যাওয়ার পর্যাপ্ত ও উপযুক্ত রাস্তা না থাকায় অসুস্থ ব্যক্তি, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এমনকি মৃত্যুর পর মরদেহ বাড়ি থেকে বের করতেও স্বজনদের পড়তে হচ্ছে বিপাকে।
সম্প্রতি ওই বাড়ির মৃত মো. নুরুল আমিনের মরদেহ বাড়ি থেকে বের করার সময় পরিস্থিতি আরও স্পষ্ট হয়। রাস্তার সংকটের কারণে মরদেহ বহনে স্বজন ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও জটিলতা চলছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও বাড়ির লোকজনকে নিয়ে একাধিকবার বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে প্রায় ১৫-১৬ বছর ধরে চলাচলে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে জায়গা-সংক্রান্ত জটিলতা নিরসন করে স্থায়ী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
বাড়ির বাসিন্দা মো. আলী আশরাফ বলেন, পূর্বপুরুষদের সময় থেকে ওই পথ দিয়ে রিকশায় যাতায়াত করা হতো। জায়গা নিয়ে জটিলতার কারণে প্রায় ১৫-১৬ বছর ধরে চলাচলে সমস্যা হচ্ছে। অসুস্থ কাউকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, রাস্তা না থাকায় পরিবারের লোকজন কষ্ট পাচ্ছেন। পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে রাস্তার জন্য জায়গা দিলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তা নির্মাণের চেষ্টা করা হবে।
মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, পারিবারিক জটিলতার কারণে রাস্তার কাজ করা সম্ভব হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার জন্য বরাদ্দ থাকলেও জায়গা নিয়ে বিরোধের কারণে কাজ করা যায়নি। একাধিকবার বৈঠক হলেও সংশ্লিষ্টরা একে অপরকে জায়গা না ছাড়ায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তদন্তের মাধ্যমে জায়গার জটিলতা নিরসন করে চলাচলের রাস্তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




